নিষেধাজ্ঞা অমান্য করে ইসলামী দলগুলোর বিক্ষোভ-সমাবেশের চেষ্টা, কাল সারাদেশে হরতাল
সেপ্টেম্বর ২২, ২০১২ | ৩:২২ অপরাহ্ন
ইসলাম বিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি ইসলামী দলের কর্মি-সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এসব দলের সমর্থকরা বিক্ষোভ-সমাবেশ শুরুর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা ১টি বাস ও পুলিশের ১টি ভ্যান ভাংচুর করে এবং একজন সাংবাদিকের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
সংঘর্ষের ঘটনায় ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের নায়েবে আমীর আহমেদুল্লাহ আশরাফিসহ অন্তত ২৫ জনকে আটক করেছে পুলিশ। রমনা জোনের এডিসি নুরুল ইসলাম অভিযোগ করেছেন : এসব দলের আড়ালে জামায়াতে ইসলামীই অরাজকতা চালিয়েছে।
গতকাল বিকেল পাঁচটা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় যে কোন ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছিল ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
এদিকে, বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দেয়ায় দলগুলোর পক্ষ থেকে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়েছে।




