জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালতের আওতা বাড়ানোর দাবি নাকচ আইনমন্ত্রীর

জুলাই ১২, ২০১২ | ৬:৪১ অপরাহ্ন    

জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালতের আওতা বাড়ানোর দাবি নাকচ করে দিয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন : বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে ২০০৭ সালেই আলাদা করা হয়েছে। তাই বিচারিক ক্ষমতা দেয়া সম্ভব নয়। আইনমন্ত্রী জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে জানান : সুপ্রীম কোর্ট বিভিন্ন বিষয়ে যে আদেশ দেয় তা যথাযথভাবে পালন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। আদালত অবমাননা আইন সংশোধনে জেলা প্রশাসকদের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটি সংসদের স্ট্যান্ডিং কমিটিতে আছে। আগামী সংসদেই এটি পাশ হবে।
এদিকে সমাজকল্যান মন্ত্রী এনামুল হক জানিয়েছেন : এনজিওর নামে রাষ্ট্রদ্রোহী কাজের বিষয়ে খেয়াল রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন : এ বিষয়ে এর আগেও জেলা প্রশাসকদের দেয়া প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেয়া হয়েছে।