মামলা প্রত্যাহারের দাবিতে ভোলায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জুলাই ১০, ২০১২ | ১১:৫৭ পূর্বাহ্ন    

শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ভোলা সরকারি কলেজের ২হাজারেরও বেশি শিক্ষার্থী জেলার প্রধান সড়কগুলো অবরোধ করে রেখেছে। শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে। সোমবার দায়ের হওয়া মামলায় এরই মধ্যে ২জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনার জের ধরে ভোলার ১৩ রুটে সব ধরনের বাস চলাচল ৩য় দিনের মতো বন্ধ রয়েছে। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলী জানান : পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করা হচ্ছে।
রোববার ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ১৬টি জেলার দূরপাল্লার বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। রাজধানীর মহাখালী বাস টার্মিনালের মোটর মালিক-শ্রমিকদের সঙ্গে বগুড়ার মোটর মালিক-শ্রমিকদের বিরোধের জের ধরে গত রোববার থেকে ধর্মঘটের ডাক দেয় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন এবং মোটর মালিক গ্রুপ। ধর্মঘটের ফলে দূরপাল্লার গাড়ি চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আক্তারুজ্জামান জানান, মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সঙ্গে একটি সভা হবে। এরপরই ধর্মঘটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।