জামায়াত-নেতা মীর কাশেম আলীর জামিন আবেদনের বিষয়ে আগামীকাল আদেশ

জুন ১৮, ২০১২ | ৩:৪২ অপরাহ্ন    

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক জামায়াত নেতা মীর কাশেম আলীর করা জামিন আবেদনের আদেশ আগামীকাল দেয়া হবে। আজ তার পক্ষে দায়ের করা জামিন আবেদনের ওপর দু’পক্ষের শুনানি শেষে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এই দিন ঠিক করেন। মীর কাশেম আলীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামিন চান। শুনানী শেষে তিনি সাংবাদিকদের বলেন : আদালতের যে কোনো শর্ত মেনে তার জামিনের জন্য আবেদন করা হয়েছে।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম জামিনের বিরোধীতা করে তাকে আটক রাখার জন্য আদালতে যুক্তি দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন : মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে আসামীর ভূমিকার কারণে তার জামিনের বিরোধীতা করা হয়েছে।
আজ মীর কাশেম আলীর উপস্থিতিতেই আদালতে শুনানী হয়। ট্রাইব্যুনালের গ্রেপ্তারী পরোয়ানার নির্দেশের পর গতকাল তাকে মতিঝিলের দৈনিক নয়াদিগন্ত অফিস থেকে গ্রেপ্তার করে ট্রাইবুনাল-১ এ হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়ে আজ শুনানীর দিন ঠিক করেন।