গোলাম আজমের জামিন আবেদন ফের খারিজ
ফেব্রুয়ারী ২৩, ২০১২ | ৩:৩৪ অপরাহ্ন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সাবেক আমির গোলাম আজমের জামিনের আবেদন আবারো খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এ খারিজাদেশ দেন।ট্রাইব্যুনাল তার আদেশে বলেন, অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইবুনাল।এখন অভিযোগ গঠনের শুনানির এ পর্যায়ে আসামীকে জামিন দেয়ার সুযোগ নেই।এছাড়া গোলাম আযম বাংলাদেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও উল্লেখ করেন ট্রাইব্যুনাল।
গত ১১ জানুয়ারি জামায়াতের সাবেক আমির গোলাম আযমের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইবুনাল।এরপর গত ১৫ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত শারীরিক অবস্থার কারণ দেখিয়ে আবারো জামিন আবেদন করেন গোলাম আযমের আইনজীবী আবদুর রাজ্জাক।শুনানি শেষে বৃহস্পতিবার জামিন আবেদনের বিষয়ে আদেশের দিন নির্ধারিত ছিল।ট্রাইবুনাল তার আদেশে বলেন, গোলাম আযমের বয়স বিবেচনা করে তার সুচিকিৎসার জন্য জামিন চাওয়া হয়েছিল।অপরদিকে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর শুনানিতে বলেছেন, বিচারের ক্ষেত্রে অভিযুক্তের বয়স নয় বরং অপরাধের মাত্রা বিবেচনা করা উচিত।পরে ট্রাইব্যুনাল গোলাম আযমের জামিন আবেদন নাকচ করে দিয়ে বলেন, বিচারের এ পর্যায়ে তাকে জামিন দেয়ার সুযোগ নেই।রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর জেয়াদ আল মালুম ট্রাইব্যুনালের আদেশ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের অপরাধের মামলায় গোলাম আযমের চেয়ে বেশি বয়সের অভিযুক্তদের জামিন না দেওয়ার নজির আছে বলে উল্লেখ করেছেন ট্রাইবুনাল।
জামিনের আবেদন খারিজ করে দেয়ায় গোলাম আযমের আইনজীবী আবদুর রাজ্জাক সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় জানান, এ আদেশ সঠিক হয়নি।
এদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আরেক নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের অভিযোগ গঠনের শুনানি শুরুর তারিখ পিছিয়ে দিয়েছেন ট্রাইবুনাল।প্রস্তুতি নিতে না পারায় মুজাহিদের আইনজীবীর সময় চেয়ে আবেদন করার কারণে ট্রাইবুনাল আগামী ১১ মার্চ পর্যন্ত শুনানি পিছিয়ে দেন। এছাড়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণও ৪ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।




